মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে বেড়ে পৌনে চারশ ছাড়িয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। যদিও তা এখনো ২০ হাজারের নিচেই রয়েছে। এছাড়া গেল এক দিনে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা আরও হ্রাস পেয়েছে। আর সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি সংক্রমণের হারও সোয়া এক শতাংশে নেমেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭৫ জন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে তিন কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে।
অপর দিকে মঙ্গলবার ভারতে প্রাণহানির সংখ্যা দুইশর নিচে নামলেও বুধবার তা এক লাফে পৌনে চারশ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৩৭৮ জন। অর্থাৎ শেষ এক দিনে প্রাণহানির সংখ্যা বাড়ল ১৯৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন চার লাখ ৪৭ হাজার ৭৫১ জন।
এ দিকে সংক্রমণ কিছুটা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি লোক। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও হ্রাস পেয়েছে।
শেষ এক দিনে ঘনবসতিপূর্ণ দেশটিতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ১৭৮ জন মানুষ। অপর দিকে দৈনিক আক্রান্তের সংখ্যাও ১৮ হাজারের বেশি। ফলে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে ২ লাখ ৮২ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। যা ১৯৪ দিনের মধ্যে সর্বনিম্ন।
ভারতের মোট আক্রান্ত রোগীর শূন্য দশমিক ৮৪ শতাংশ (০.৮৪%) বর্তমানে সক্রিয়। মঙ্গলবারের তুলনায় বুধবার এই হার কিছুটা হ্রাস পেয়েছে। এ দিকে ভারতে সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ। যা ২০২০ সালের মার্চ মাস থেকে সর্বোচ্চ।
অপর দিকে ভারতে দৈনিক সংক্রমণের হার নেমে এসেছে সোয়া এক শতাংশে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ২৫ শতাংশ। গত এক মাস যাবত দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।